সুষ্ঠু ভোট না হলে দেশকেই বড় মূল্য দিতে হবে: দুদু

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬ ১৫:০৯ (মঙ্গলবার)
সুষ্ঠু ভোট না হলে দেশকেই বড় মূল্য দিতে হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে চলমান সংকট থেকে বের করে আনতে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এর দায় শুধু সরকারের ওপর পড়বে না, পুরো জাতিকেই এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ব্যর্থতা মানে শুধু একটি ভুল নয়, বরং তা দেশের ভবিষ্যৎকে গভীর সংকটে ঠেলে দেবে।

তিনি বলেন, দেশের বাজারব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ হলেও সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। তিনি আরও বলেন, এই সরকার আর খুব বেশি দিন টিকবে না। নির্বাচনের মাধ্যমে দ্রুত একটি রাজনৈতিক সরকার গঠিত হবে।

বিএনপির এই নেতা বলেন, যদি নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক ও জনগণের অনুভূতি বোঝে এমন সরকার আসে, তবে দেশ সমৃদ্ধ হবে এবং গণতন্ত্র রক্ষা পাবে। কিন্তু ভুল নির্বাচন হলে সরকার যেমন খেসারত দেবে, তেমনি দেশবাসীকেও এর মূল্য দিতে হবে।

নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, মানুষ যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে, সেটি নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। গত দেড় দশকে মানুষ ভোট দিতে না গেলেও ফল ঘোষণা হয়েছে আগেই। তিনি এসব নির্বাচনকে প্রহসন বলে উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বৈধ ও অবৈধ সব অস্ত্র উদ্ধার করতে হবে। দলীয়ভাবে ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের হাতে থাকা অস্ত্র জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে মানুষ স্বস্তি পাবে না এবং ভালো নির্বাচনও হবে না। একটি গ্রহণযোগ্য ভোট ও ভবিষ্যতের সুখী বাংলাদেশ নিশ্চিত করতে হলে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, মুখপাত্র এস এম শাহাদাতসহ জোটের অন্যান্য নেতারা।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.