জাতিসংঘ প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬ ১৩:০৬ (সোমবার)
জাতিসংঘ প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনার জন্য জাতিসংঘের যে প্রতিনিধিদলের চলতি মাসে ঢাকা সফরের কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। নতুন করে সফরের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

 

সূত্র জানায়, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে প্রতিনিধিদলটির বাংলাদেশে আসার কথা ছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার এই সময়ে সফরটি না করার সিদ্ধান্তের কথা জাতিসংঘকে জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আগামী মাসে প্রতিনিধিদলের ঢাকা সফর হতে পারে।

 

জাতিসংঘ প্রতিনিধিদলের সফরের অংশ হিসেবে ২১ জানুয়ারি এলডিসি উত্তরণ বিষয়ে একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের কথা ছিল। যদিও সফর স্থগিত হয়েছে, তবু নির্ধারিত সময়ের মধ্যেই ওই মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশে পাঠানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, এলডিসি উত্তরণের প্রভাব এবং উত্তরণ-পরবর্তী কৌশল নির্ধারণের লক্ষ্যে গত নভেম্বরে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে তথ্য ও নথি সংগ্রহ করে জাতিসংঘ। এসব তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

 

এ বিষয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, জাতিসংঘ এ দফায় না এলেও পরে সফর করবে। তবে তাদের মূল্যায়ন প্রতিবেদন নির্ধারিত সময়েই পাওয়া যাবে এবং এরপর পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

 

এদিকে ব্যবসায়ীরা এলডিসি থেকে উত্তরণ পেছানোর দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। তাদের আশঙ্কা, উত্তরণ হলে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ হয়ে যাবে এবং এতে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমতে পারে। ব্যবসায়ীদের সংগঠনগুলোর দাবি ইতোমধ্যে জাতিসংঘকে জানানো হয়েছে, তবে উত্তরণ পেছানোর বিষয়ে এখনো কোনো ইতিবাচক ইঙ্গিত মেলেনি।

 

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি শ্রেণি থেকে বের হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার উত্তরণ পেছানোর আবেদন করবে না। নির্বাচিত সরকার চাইলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

 

এর আগে ২০১৮ সালে মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে উত্তীর্ণ হয়ে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ২০২১ সালের পর্যালোচনার পর জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ২০২৬ সালের নভেম্বরে উত্তরণের সুপারিশ করে।

সূত্র: ইত্তেফাক ।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.