১০৬ বছরে প্রয়াণ মানবিকতার প্রতীক দবির চাচা, শোকস্তব্ধ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত দবিরুল ইসলাম চৌধুরী আর নেই। মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে তিনি লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০৬ বছর।
দবিরুল ইসলাম চৌধুরী ব্রিটিশ বাংলাদেশিদের কাছে ‘দবির চাচা’ নামে পরিচিত ছিলেন। করোনা মহামারির সময় তাঁর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। লকডাউনের সময় শতবর্ষী বয়সেও তিনি পায়ে হেঁটে তহবিল সংগ্রহে নেমেছিলেন। সেই উদ্যোগে তিনি প্রায় সাড়ে চার লক্ষ পাউন্ড সংগ্রহ করেন, যা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসসহ বিভিন্ন দাতব্য সংস্থায় অনুদান হিসেবে দেওয়া হয়। এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত হন।
দবিরুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯২০ সালের ১ জানুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে। ইংরেজি সাহিত্য বিষয়ে পড়াশোনার জন্য তিনি ১৯৫৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকে তিনি স্থায়ীভাবে যুক্তরাজ্যেই বসবাস করছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি নিজেকে শুধু একজন প্রবাসী হিসেবেই নয়, বরং সমাজসেবক ও মানবিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
করোনাকালে তাঁর উদ্যোগ শুধু ব্রিটেনেই সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন সূত্রে জানা গেছে, তাঁর সংগৃহীত তহবিল বিশ্বের অন্তত ৫০টির বেশি দেশে প্রায় ত্রিশটি দাতব্য প্রতিষ্ঠানে সহায়তা হিসেবে পৌঁছায়। মানবতার এমন উদাহরণ ব্রিটিশ মূলধারার গণমাধ্যমেও প্রশংসিত হয়।
দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্য ও বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সুনামগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, দবির চাচা ছিলেন মানবিক মূল্যবোধের এক জীবন্ত প্রতীক।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ মনে করছেন, দবিরুল ইসলাম চৌধুরীর জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নিঃস্বার্থ সেবা, সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার যে উদাহরণ তিনি রেখে গেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ
আইটি ল্যাব সলিউশন্স লি.