বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ, ৪ ব্রিটিশ এমপির সতর্ক বার্তা
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের চারজন সংসদ সদস্য বলেছেন, সব প্রধান রাজনৈতিক দলকে বাইরে রেখে কোনো নির্বাচনই গণতান্ত্রিক হতে পারে না।
এই চার এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল ও ক্রিস ল। তারা এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে “একটি গুরুত্বপূর্ণ মোড়” হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে তারা বলেন, একটি ন্যায়সঙ্গত ও স্থিতিশীল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ
চার ব্রিটিশ এমপি বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নির্বাচনের গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তাদের মতে, যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ নেই, সেখানে লাখ লাখ মানুষ ভোটাধিকার থেকে কার্যত বঞ্চিত হবেন। এতে ভোটারদের আগ্রহ কমবে এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।
“অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব বড়”
এমপিরা বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এমন বিধিনিষেধ আরোপ না করে একটি রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখা। কারণ নিজেরাও অনির্বাচিত অবস্থায় ক্ষমতায় থাকা সরকার যদি নির্বাচনে বড় দলগুলোকে বাদ দেয়, তাহলে গণতান্ত্রিক মানদণ্ড বজায় থাকে না।
রাজনৈতিক বিভাজন গভীর
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বহু বছর ধরেই চরম রাজনৈতিক বিভাজনের ভেতর দিয়ে যাচ্ছে। তবে এই নির্বাচনই পারে জাতীয় ঐক্য গঠনের সুযোগ তৈরি করতে— যদি সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণের সুযোগ পায়।
তারা জোর দিয়ে বলেন, ভবিষ্যতের যেকোনো সরকারকে জনগণের প্রকৃত সমর্থনের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে।
মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ
ব্রিটিশ এমপিরা রাজনৈতিক গ্রেপ্তার, বিচারব্যবস্থার দুর্বলতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলার মতো বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ব্রিটিশ সরকার ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন, যেন বাংলাদেশে মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কূটনৈতিক চাপ দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এই প্রতিক্রিয়া স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে, আওয়ামী লীগকে বাইরে রেখে যে সমঝোতামূলক নির্বাচন আয়োজন করা হচ্ছে, তা বিশ্বজনমতেও গ্রহণযোগ্যতা হারাতে পারে।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.