বর্হিবিশ্বে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠনে জরুরি বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬ ০৫:৫৫ (সোমবার)
বর্হিবিশ্বে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠনে জরুরি বিজ্ঞপ্তি

আব্দুস সামাদ, ফ্রান্স:  বর্হিবিশ্বে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিভিন্ন আন্তর্জাতিক ইউনিটে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ৯ জানুয়ারি ২০২৬ তারিখে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শবান তরুণ প্রজন্মকে সংগঠিত করা, প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানো, কমিউনিটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া গণতন্ত্র বিনির্মাণে ভূমিকা রাখা, উগ্রবাদ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মের সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের আগ্রহী ও যোগ্য কর্মীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলের ইমেইলে।

জীবনবৃত্তান্ত পাঠানোর নির্ধারিত ইমেইল ঠিকানা হলো-
internationalbsloffice@gmail.com

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জীবনবৃত্তান্তের সঙ্গে এক কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি, জন্মসনদ, বোর্ড পরীক্ষার সনদ, সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র বা মার্কশিট, সংশ্লিষ্ট দেশে বসবাসের প্রমাণপত্র এবং সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের তথ্য সংযুক্ত করতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে ছাত্রলীগের সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর হবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে সংগঠনটি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

বায়ান্ননিউজ২৪/আব্দুস সামাদ

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.