ভারতসহ তিন দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি ট্রাম্পের
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে উত্থাপিত একটি প্রস্তাবিত বিল নিয়ে হোয়াইট হাউসে আলোচনার পর ট্রাম্প এই অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ‘গ্রাহাম ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল’ নামে পরিচিত এই প্রস্তাবের বিষয়ে তিনি বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ট্রাম্প বিলটির প্রতি সমর্থন জানিয়েছেন বলে দাবি করেন গ্রাহাম।
বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ, ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ রয়েছে। প্রস্তাবিত বিলটি পাস হলে, রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য জেনেশুনে আমদানি করা দেশগুলোর ওপর দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের ওপর কমপক্ষে ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে।
বিলে বলা হয়েছে, রাশিয়ান জ্বালানি ও কাঁচামাল কেনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তি জোগাচ্ছে। এই বিলের মূল লক্ষ্য হলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো।
বিবৃতিতে গ্রাহাম বলেন, ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, কিন্তু পুতিন কেবল কথার আশ্বাস দিচ্ছেন। একই সময়ে রুশ সেনারা এখনও নিরপরাধ মানুষ হত্যা করছে। এই প্রেক্ষাপটে বিলটি পাস হওয়া জরুরি।
গ্রাহাম আরও জানান, আগামী সপ্তাহেই বিলটির ওপর মার্কিন কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়া অনুযায়ী, বিলটি প্রথমে প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। সেখানে অনুমোদন মিললে তা যাবে সিনেটে। সিনেটের অনুমোদনের পর প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হবে।
এই প্রস্তাব বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.