৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
একাধিক জাতিসংঘ সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাগুলোকে অকার্যকর, অপচয়কারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি হিসেবে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় বুধবার ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, নির্বাহী আদেশ ১৪১৯৯ এর আওতায় এসব সংস্থার কার্যক্রম পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, অনেক আন্তর্জাতিক সংস্থা লক্ষ্যহীন কার্যক্রম, অব্যবস্থাপনা এবং বিশেষ মতাদর্শিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত।
রুবিও বলেন, মার্কিন জনগণের কষ্টার্জিত অর্থ এমন প্রতিষ্ঠানে ব্যয় করা হবে না, যেখান থেকে যুক্তরাষ্ট্র বা এর নাগরিকদের কোনও বাস্তব উপকার আসে না। বিদেশি স্বার্থে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের যুগ শেষ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এক সময় শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য গঠিত এসব সংস্থা এখন একটি বৈশ্বিক শাসন কাঠামোয় রূপ নিয়েছে। জলবায়ু নীতি, জেন্ডার ইক্যুইটি এবং প্রগতিশীল মতাদর্শকে অগ্রাধিকার দিতে গিয়ে তারা সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব সীমিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব সংস্থা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বা অপ্রাসঙ্গিক, সেখানে কূটনৈতিক ও আর্থিক সম্পদ ব্যয় করবে না দেশটি। তবে যেসব ক্ষেত্রে জনগণের স্বার্থ রক্ষা পাবে, সেখানে সহযোগিতা অব্যাহত থাকবে। আরও কিছু আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে বলেও জানানো হয়।
হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রত্যাহার করা ৬৬টি সংস্থার মধ্যে ৩১টি জাতিসংঘ সংশ্লিষ্ট এবং বাকি ৩৫টি জাতিসংঘ বহির্ভূত আন্তর্জাতিক সংস্থা।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও কূটনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.