জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ৩৯টি কেন্দ্রে গণনার ফল বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে।
সহসভাপতি পদে মো. রিয়াজুল ইসলাম ৫৫৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল সমর্থিত) পেয়েছেন ৪৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ ৫৪৭০ ভোট পেয়ে শীর্ষে থাকেন। তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ২২০৩ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা ৫০০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৩৯৪৪ ভোট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও এক হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।
প্রথম গণনার সময় কিছু গড়মিল দেখা দেওয়ায় কাজ মাঝপথে কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। পরে গভীর রাতে পুনরায় গণনা চালানো হয়।
জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানিয়েছেন, এতে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। হলের মোট ভোটার ছিলেন ১,২৪২ জন, যেখানে ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।
শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের বিজয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সমর্থন ও রাজনৈতিক চাঞ্চল্যের প্রতিফলন ঘটিয়েছে।
বায়ান্ননিউজ২৪/সৈকত মাহমুদ
আইটি ল্যাব সলিউশন্স লি.