বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রধান সমন্বয়কসহ প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার ও নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে শেরপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আজ প্রায় তিন শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এতদিন ফেসবুকভিত্তিক রাজনীতিতে যেসব প্রোপাগান্ডা চলছিল, সেগুলো ছিল গুজব। বিএনপি একটি পরিচিত ও জনপ্রিয় রাজনৈতিক দল। যারা আজ যুক্ত হয়েছেন, তারা বিএনপির আদর্শ ও জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে এসেছেন। সাধারণ মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, আর সারাদেশে ছাত্র আন্দোলনে শহীদদের বড় একটি অংশই বিএনপির পরিবারের সদস্য। এতে প্রমাণ হয়, শেরপুর সদর ১ আসনে বিএনপির জনপ্রিয়তা বেশি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখ্য সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন বলেন, আমরা এতদিন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম। সামনে একটি জাতীয় নির্বাচন রয়েছে। একটি নির্বাচিত সরকার আসবে। বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.