ট্রাম্পের তালিকায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে উদ্বেগ

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৬ ১৫:০৭ (সোমবার)
ট্রাম্পের তালিকায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান ও সরকারি সহায়তা কমানোর উদ্যোগের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি পোস্ট নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন ও আশপাশের এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে।

 

সোমবার (৬ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় দেখানো হয়, বিভিন্ন দেশের অভিবাসী পরিবারগুলোর কত শতাংশ যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে। প্রকাশিত তালিকায় ১৯তম অবস্থানে বাংলাদেশের নাম উঠে আসে। সেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি কোনো না কোনো সরকারি সহায়তার ওপর নির্ভরশীল।

 

দীর্ঘদিন ধরেই অভিবাসনবিরোধী বক্তব্য দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার অভিবাসীদের যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বোঝা হিসেবে উল্লেখ করেছেন এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক খাতে ব্যয় কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে এই তালিকা প্রকাশের পর বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী কমিউনিটির মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

 

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আইন মেনে চলছেন, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা নিয়ম ভেঙে সরকারি সহায়তা গ্রহণ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি স্থায়ী বাসিন্দার মর্যাদা বা গ্রিন কার্ডও ঝুঁকির মুখে পড়তে পারে।

 

এদিকে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল সহায়তা বন্ধের ঘোষণাও দিয়েছে। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার, খাদ্য সহায়তা ও সামাজিক সেবামূলক বিভিন্ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ধরনের বক্তব্য ও সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে এটি অভিবাসন ইস্যুকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনাও বাড়াতে পারে বলে মনে করছেন তারা।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.