চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ঠান্ডাজনিত জটিলতায় গলায় ব্যথা, শ্বাসকষ্ট ও দাঁতের সমস্যার কারণে তিনি দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে শারীরিক অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলকভাবে তাকে কলকাতার নিউটাউন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি নিউটাউনের নিজ বাসায় ফিরে যান।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন ওবায়দুল কাদের। বয়সজনিত কারণে ঠান্ডাজনিত সংক্রমণ তাকে কিছুটা দুর্বল করে ফেললেও সময়মতো চিকিৎসা নেওয়ায় জটিলতা কাটিয়ে উঠেছেন তিনি।
অসুস্থতার কারণে গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি যুক্ত হতে পারেননি। ওই সময় দলীয় পক্ষ থেকে জানানো হয়, গলাব্যথা ও দাঁতের সমস্যার কারণে বিশ্রামে থাকায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে অপারগ ছিলেন।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগেও দেশে ও বিদেশে একাধিকবার চিকিৎসা নিতে হয়েছে তাকে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপের মধ্যেই রয়েছেন তিনি।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন।
বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর
আইটি ল্যাব সলিউশন্স লি.