মুস্তাফিজ ইস্যুতে কড়া সিদ্ধান্ত: দেশে আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেটের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দৃষ্টিগোচর হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য বা যৌক্তিক কারণ উপস্থাপন করা হয়নি। ফলে বিষয়টি বাংলাদেশের জনগণের মধ্যে ব্যথা, ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
এমন প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ঘিরে গত কয়েক দিন ধরেই দেশজুড়ে আলোচনা ও সমালোচনা চলছিল। বিশেষ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের চাপের মুখে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগ সামনে আসে।
শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানালে, পরে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করে।
বিশ্লেষকরা বলছেন, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক চাপে বাদ দেওয়ার অভিযোগ কেবল খেলাধুলার নীতিমালার পরিপন্থী নয়, বরং ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। সরকারের এই সিদ্ধান্ত সেই ক্ষোভ ও প্রতিবাদেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
বায়ান্ননিউজ/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.