বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আইন উপদেষ্টার
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি দাবি করেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে পড়ে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে ফ্র্যাঞ্চাইজিটিকে।
এ ঘটনার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলংকায় আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইসিসির কাছে আবেদন জানাতে নির্দেশ দিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ড. আসিফ নজরুল।
‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’
ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
আইসিসিতে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
ক্রীড়া উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে বিসিবিকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন,
“যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলাকে নিরাপদ মনে করতে পারে না—এই অবস্থান পরিষ্কারভাবে আইসিসিকে জানাতে বোর্ডকে বলা হয়েছে।”
এ কারণে ভারতের বদলে শ্রীলংকায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ
ড. আসিফ নজরুল আরও লেখেন,
“আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়।”
তিনি বলেন,
“কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা বাংলাদেশকে অবমাননা মেনে নেওয়া হবে না। গোলামির দিন শেষ।”
এ ঘটনায় দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
বায়ান্ননিউজ২৪/চৈতী
আইটি ল্যাব সলিউশন্স লি.