ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভার আয়োজন
বায়ান্ননিউজ | ফ্রান্স সংবাদদাতা:
ফ্রান্সে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রান্স শাখা ছাত্রলীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
তথ্য অনুযায়ী, আগামী ০৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৮ ঘটিকায় ফ্রান্সের অবারভিলিয়ে অবস্থিত কেন্ডিয়া শাহজালাল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে আলোচনা সভাটি আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামে সংগঠনটির ভূমিকা তুলে ধরা হবে।
ফ্রান্স সংবাদদাতা জানান, ইউরোপে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হবে।আয়োজকদের মতে, প্রবাসে থেকেও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেন।স্বাধীনতার পর রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক আন্দোলনেও সংগঠনটির সক্রিয় অংশগ্রহণ ইতিহাসে সুপ্রতিষ্ঠিত।
ফ্রান্স শাখা ছাত্রলীগের নেতারা বায়ান্ননিউজকে জানান, বর্তমান প্রজন্মের কাছে ছাত্রলীগের সংগ্রামী ইতিহাস তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচার মোকাবিলায় সংগঠনের ঐক্যবদ্ধ ভূমিকা জোরদার করাই এই আলোচনা সভার উদ্দেশ্য।
অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
বায়ান্ননিউজ২৪/সামাদ
আইটি ল্যাব সলিউশন্স লি.