অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা নির্ধারণ
ট্রাভেল এজেন্সি খাতে সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট রোধ এবং অভিবাসী কর্মীদের হয়রানি বন্ধে আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত আইনে অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য ব্যাংক গ্যারান্টির পরিমাণ ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর সংশোধিত অধ্যাদেশ জারি করেন। শুক্রবার (২ জানুয়ারি) লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
অনলাইন ও অফলাইনের জন্য ভিন্ন গ্যারান্টি
সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। অন্যদিকে অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য এই গ্যারান্টি বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।
সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, অনলাইনভিত্তিক টিকিট বিক্রির বিস্তার ও আর্থিক লেনদেনের ঝুঁকি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকিট সংকট তৈরিতে কঠোর নিষেধাজ্ঞা
নতুন অধ্যাদেশে ‘ফলস বুকিং’ বা বানোয়াট আসন সংরক্ষণের মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কোনো ট্রাভেল এজেন্সি অন্য এজেন্সির কাছ থেকে টিকিট কেনাবেচা (বিটুবি) করতে পারবে না।
এ ছাড়া টিকিট বিক্রির ক্ষেত্রে সরকার-নির্ধারিত আর্থিক মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে লেনদেন করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
গ্রাহক ও অভিবাসী কর্মীদের সুরক্ষা
অধ্যাদেশে গ্রাহক স্বার্থ রক্ষায় বলা হয়েছে, কোনো ট্রাভেল এজেন্সি মিথ্যা প্রলোভন, প্রতারণা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে অগ্রিম অর্থ আদায় করতে পারবে না।
অভিবাসী কর্মীদের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশ থেকে টিকিট কেনাবেচা এবং টিকিট নিশ্চিত হওয়ার পর যাত্রীর তথ্য পরিবর্তন করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
শাস্তি ও নিবন্ধন সংক্রান্ত নতুন বিধান
সংশোধিত আইনে শাস্তির বিধান আরও কঠোর করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনধিক এক বছরের কারাদণ্ড, অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া প্রতারণা ও দুর্নীতি রোধে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতাও নিবন্ধন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ট্রাভেল এজেন্সির নিবন্ধন প্রতি তিন বছর অন্তর নবায়ন করতে হবে এবং প্রতি বছর সরকারকে আর্থিক বিবরণীসহ সার্বিক কার্যক্রমের প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক। পাশাপাশি কোনো ঋণখেলাপি ব্যক্তি ট্রাভেল এজেন্সির নিবন্ধনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.