বাংলাদেশে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের বার্তাই দিয়ে এসেছি: জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ সফরে তিনি সুপ্রতিবেশীসুলভ মনোভাবের বার্তাই দিয়ে এসেছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে এ অঞ্চলে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার হবে।
শুক্রবার (২ জানুয়ারি) ভারতের চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলেন জয়শঙ্কর।
তিনি বলেন, “বাংলাদেশ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, সবকিছু স্থিতিশীল হলে এ অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ মনোভাব আরও বাড়বে।”
বাংলাদেশ সফর প্রসঙ্গে
জয়শঙ্কর জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি ঢাকায় গিয়ে একই বার্তা তুলে ধরেছেন। গত বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এটি গত বছরের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের প্রতি ভারতের সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির সফর ছিল।
সংক্ষিপ্ত সফরে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা হস্তান্তর করেন।
‘প্রতিবেশী প্রথম’ নীতি নিয়ে বক্তব্য
আইআইটি মাদ্রাজের অনুষ্ঠানে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়—বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি কীভাবে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে।
এর জবাবে তিনি বলেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে ভালো ও মন্দ—দুই ধরনের সম্পর্কই রয়েছে। তবে অধিকাংশ প্রতিবেশীই মনে করে, ভারতের উন্নতি হলে তারাও উপকৃত হবে।
জয়শঙ্কর বলেন, “সাধারণভাবে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণই করা হয়। তারা বিপদে পড়লে সাহায্যের হাত বাড়ানো হয়। রাষ্ট্র হিসেবেও ভারত তার প্রতিবেশীদের সঙ্গে এমন আচরণ করে।”
সহযোগিতার উদাহরণ তুলে ধরেন জয়শঙ্কর
প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের সহায়তার উদাহরণ দিয়ে তিনি বলেন, কভিড-১৯ মহামারির সময় অধিকাংশ প্রতিবেশী দেশ প্রথম টিকা পেয়েছে ভারত থেকে। ইউক্রেন যুদ্ধের সময় খাদ্য, সার ও জ্বালানি সংকটে ভারত সহায়তা করেছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ৪ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে এবং সম্প্রতি ‘দ্বিতয়া’ ঘূর্ণিঝড়ের সময়ও শ্রীলঙ্কায় প্রথম সাহায্য পাঠিয়েছে ভারত।
তিনি আরও বলেন, শুধু সংকটকালেই নয়—বিদ্যুৎ গ্রিড, সড়ক ও বন্দর নির্মাণ, বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি এবং চিকিৎসাসেবায় সহায়তাও সুপ্রতিবেশীসুলভ মনোভাবের অংশ।
‘পশ্চিম প্রান্তের খারাপ প্রতিবেশী’
তবে বক্তব্যের একপর্যায়ে জয়শঙ্কর নাম উল্লেখ না করে ভারতের ‘পশ্চিম প্রান্তের এক খারাপ প্রতিবেশী’র কথা বলেন, যাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদদের অভিযোগ তোলেন তিনি। বিশ্লেষকদের মতে, এতে তিনি পরোক্ষভাবে পাকিস্তানের দিকেই ইঙ্গিত করেছেন।
সবশেষে জয়শঙ্কর আবারও বলেন, “সুপ্রতিবেশীসুলভ মনোভাবের বার্তাই আমি বাংলাদেশে দিয়ে এসেছি। ভবিষ্যতে এ অঞ্চলে এই মনোভাব আরও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.