ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে পাকিস্তানের অনুমতি পেল বিমান বাংলাদেশ
ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।পাকিস্তানের সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক বিমান যোগাযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।নতুন বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশ যোগাযোগে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম এবং করাচিতে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।এরপর পরিস্থিতি ও কার্যক্রম মূল্যায়ন করে অনুমোদন নবায়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত রুট ও শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে বিমান বাংলাদেশকে।এছাড়া করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য একটি নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইট সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জানাতে হবে।একই সঙ্গে অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত নিশ্চিত করতে হবে।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.