২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিককে হত্যা
২০২৫ সালে বিশ্বজুড়ে সাংবাদিকতা পেশা পালন করতে গিয়ে অন্তত ১২৮ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস আইএফজে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।সংগঠনটির মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী কর্তৃপক্ষের ব্যর্থতাই এই ভয়াবহ পরিস্থিতির অন্যতম কারণ।
আইএফজে জানায়, নিহত সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে মধ্যপ্রাচ্যে।২০২৫ সালে শুধু এই অঞ্চলে ৭৪ জন সাংবাদিক নিহত হয়েছেন।এর মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন সাংবাদিক প্রাণ হারান, যা মোট নিহতের প্রায় ৪৪ শতাংশ।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, আফ্রিকায় এক বছরে ১৮ জন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫ জন, আমেরিকায় ১১ জন এবং ইউরোপে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন।এছাড়া ৯ জন সাংবাদিক দুর্ঘটনাজনিত কারণে মারা গেছেন।নিহতদের মধ্যে ১০ জন নারী সাংবাদিক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ভারতে চারজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ২০২৫ সালের ১ জানুয়ারি।ইউটিউব চ্যানেল বাস্টার জাংশনের পরিচালনাকারী সাংবাদিক মুকেশ চন্দ্রকর ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম নিয়ে প্রতিবেদন করার পর হত্যা হন।
আইএফজে আরও জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।এর মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা সর্বোচ্চ ২৭৭ জন।চীনে ১৪৩ জন এবং মিয়ানমারে ৪৯ জন সাংবাদিক কারাগারে রয়েছেন।
এর আগে ২০২৪ সালে বিশ্বে ১২২ জন সাংবাদিক নিহত এবং ৫১৬ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার তথ্য প্রকাশ করেছিল আইএফজে।
আইএফজের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, এক বছরে ১২৮ সাংবাদিকের মৃত্যু কেবল একটি সংখ্যা নয়, এটি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে একটি বৈশ্বিক সংকটের প্রতিফলন।তিনি সাংবাদিকদের সুরক্ষায় অবিলম্বে কার্যকর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আইএফজে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে সাংবাদিক হিসেবে কাজ করার জন্য ফিলিস্তিন বিশেষ করে গাজা ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান।সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলই গত বছর গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.