ইউক্রেনে রাশিয়ার জয় আসবেই: নববর্ষের ভাষণে পুতিন

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৬ ০৪:৪৫ (সোমবার)
ইউক্রেনে রাশিয়ার জয় আসবেই: নববর্ষের ভাষণে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার জয় অবশ্যম্ভাবী। নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি রুশ সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন।

পুতিন বলেন, “ইউক্রেনে আমাদের যোদ্ধা ও কমান্ডারদের ওপর আমরা গর্বিত। আমরা তাদের ওপর বিশ্বাস রাখি—এবং আমাদের বিজয়ের ওপরও।”

ইউক্রেনে চলমান যুদ্ধে দুই পক্ষের সামরিক হতাহতের সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে।

কূটনৈতিক তৎপরতার মধ্যেই যুদ্ধ অব্যাহত

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা বাড়লেও পুতিন আবারও ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় অগ্রগতি না হলে ইউক্রেনের যেসব অঞ্চলকে রাশিয়া নিজেদের অংশ বলে দাবি করছে, সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান জোরদার করা হবে।

নববর্ষের ভাষণে পুতিন তার এক বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার বিষয়টি উল্লেখ করেননি। কিয়েভ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগকে ব্যাহত করার অপচেষ্টা।

ইউক্রেনে মানবিক সংকট গভীরতর

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির বহু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে শীতের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজধানী কিয়েভের অদূরে ভিশহোরোদ শহরের বাসিন্দারা এএফপিকে জানান, রুশ হামলায় তাদের জীবন কার্যত ‘নরকে’ পরিণত হয়েছে।

২৬ বছর ক্ষমতায় পুতিন

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকার ২৬ বছর পূর্ণ হয়। ঐতিহ্য অনুযায়ী, রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে সর্বপ্রথম তার নববর্ষের ভাষণ সম্প্রচার করা হয়।

???? সূত্র: এএফপি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.