সারা দেশের আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:২২ (সোমবার)
সারা দেশের আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতিও অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আগামী ১, ২ ও ৩ জানুয়ারি সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও ২ ও ৩ জানুয়ারি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.