২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারির কথা আলোচনায় থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির কারণে ২ জানুয়ারি অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানানো হবে।
তিনি আরও বলেন, এখনো চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারির বিষয়টি আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত সারা দেশে নিজ নিজ জেলায় পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার কথা ছিল।
এদিকে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে সরকারিভাবে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে এই শোক পালন করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.