খালেদা জিয়ার জানাজায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৫ (মঙ্গলবার)
খালেদা জিয়ার জানাজায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী ও কূটনৈতিক প্রতিনিধিরাও জানাজায় উপস্থিত থাকবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

 

আগামীকাল বুধবার ৩১ ডিসেম্বর সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও ঢাকায় আসবেন বলে জানা গেছে।

 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকাল ৬টায় তার মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা গভীর শোক প্রকাশ করে। শোকবার্তায় বিশ্বনেতারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি ও নারী নেতৃত্বে বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন।

 

উল্লেখ্য, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোক।

 

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় অবস্থানের প্রতীক। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গন হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.