জেমসের কনসার্ট ঘিরে সংঘর্ষ, আহত ৩০
ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আয়োজকদের দাবি, স্কুলের প্রধান ফটক ও পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশ থেকে ইট ছোড়া হয়।
আয়োজক কমিটি জানায়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে জেমসের কনসার্টের খবর পেয়ে কয়েক হাজার বহিরাগত দর্শক সেখানে জড়ো হন। তাদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হলে তারা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরে আয়োজকদের পক্ষ থেকে বাইরে দুটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হলেও তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।
একপর্যায়ে বহিরাগতরা দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এরপর তারা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারও করতে হয়েছে। এ সময় দেয়াল টপকে ঢোকা ৩ থেকে ৪ জন বহিরাগতকে স্কুলের শিক্ষার্থীরা মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ ও র্যাব উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। স্কুল স্কাউট, বিএনসিসি ও স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত নিরাপত্তা উপকমিটির শতাধিক সদস্যও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন।
পরিস্থিতি অবনতির কারণে রাত ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন নিরাপত্তা উপকমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরিজ। তিনি বলেন, “বাইরে থেকে ইট নিক্ষেপের কারণে জেমসের সংগীতানুষ্ঠান স্থগিত করতে বাধ্য হই।”
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমসের উপস্থিতির খবরে ২০ থেকে ২৫ হাজার মানুষ স্কুলের সামনে জড়ো হয়। এত মানুষের ভিড় সামাল দেওয়া সম্ভব ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ঘটনাস্থলে এসে ঘটনাটিকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, দুই দিনব্যাপী ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। শেষ দিনের আকর্ষণ ছিল জেমসের কনসার্ট।
বায়ান্ননিউজ২৪/আসিফ
আইটি ল্যাব সলিউশন্স লি.