মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এভারকেয়ার ছাড়লেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে সময় কাটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে তিনি গুলশানের নিজ বাসভবনের উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এর আগে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান এবং হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।
এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, সেই হাসপাতালের ঘরে। কিন্তু যাদের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, অর্থাৎ আপনারা, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যারা আমাকে দেখছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের গেটে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশের সময় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা ছিল।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন এবং উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭ ৮ ড্রিমলাইনার বিজি ২০২ উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময় যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর
আইটি ল্যাব সলিউশন্স লি.