রাজধানীতে ককটেল বিস্ফোরণে একজন নিহত

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৪ (মঙ্গলবার)
রাজধানীতে ককটেল বিস্ফোরণে একজন নিহত

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন মারা গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিলো। ঘটনাস্থলের কাছেই একটি চার্চ রয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভ ফুটেজ ও সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।

তিনি সাংবাদিকদের বলেন, এর আগেও ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বিভিন্ন সময়। ভীতি ছড়ানোর জন্য এটা করা হয়।

"বড়দিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই" বলে মনে করছেন তারা।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার কিছু সময় পর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে মূল সড়কে ককটেলটি বিস্ফোরিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের পরেই একটি চার্টের গেট।

এজি চার্চের একজন কর্মকর্তা জানিয়েছেন, মগবাজার মুক্তিসংসদ গলিতে দুটি চার্চ আছে এবং এর একটি গলির মুখেই প্রধান সড়কের কাছে। সেখানে প্রধান সড়কে ঘটনাটি ঘটেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে পুলিশ জানায়, ককটেলটি যখন নিক্ষেপ করা হয়, তখন সেখানে অবস্থান করছিলেন একটি গাড়ি ডেকোরেশন প্রতিষ্ঠানের একজন কর্মী। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম সিয়াম, বয়স ২২ বা ২৩ বছর। তিনি সেখানে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.