দীপু হত্যার মতো সহিংসতার পুনরাবৃত্তির আশঙ্কা সিইসির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে সংঘটিত দীপু চন্দ্র দাশ হত্যাকাণ্ডের মতো আরও সহিংস ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিভিন্ন রেঞ্জের উপমহাপুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ময়মনসিংহে একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই যাতে এমন কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে আগে থেকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাশকে সংঘবদ্ধ সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় র্যাব জানায়, দীপু কোথায় বা কখন ধর্ম অবমাননা করেছেন এমন কোনো প্রমাণ তারা পায়নি।
সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আশ্বাসের কথা উল্লেখ করে সিইসি বলেন, তাদের বক্তব্য শুনে তার আত্মবিশ্বাস বেড়েছে। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থই তার একমাত্র লক্ষ্য এবং সবার সহযোগিতা পেলে সে লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে। এ সময় তিনি দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ না করার আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, তার কাছে দুইজন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রিটার্নিং কর্মকর্তা এবং অন্যজন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আইনগত সুযোগ থাকলে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘোষণা করতেন বলেও মন্তব্য করেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে প্রার্থীদের উদ্দেশ্যে সিইসি বলেন, রাজধানী ঢাকাজুড়ে পোস্টারে ভরে গেছে। তবে সেগুলো সরানোর উদ্যোগ তেমন দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন কমিশন একটি অভিযোগ গ্রহণকারী দপ্তরে পরিণত হয়েছে। জনগণকে জানাতে হবে কোথায় এবং কীভাবে অভিযোগ করতে হবে। এজন্য নির্দিষ্ট অভিযোগ কেন্দ্র স্থাপন করে সেখান থেকে অভিযোগ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর
আইটি ল্যাব সলিউশন্স লি.