যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে—জেলেনস্কিকে সতর্ক করলেন ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে। জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন ডার স্পিগেল ফাঁস হওয়া একাধিক ইউরোপীয় নেতার ফোনকলের নোটের বরাতে এ তথ্য জানিয়েছে। ম্যাগাজিনটি ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের সাম্প্রতিক এক ফোনালাপের সারাংশ পেয়েছে, যেখানে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছেন তারা।
ফাঁস হওয়া নোট থেকে জানা যায়, ম্যাক্রোঁ সরাসরি জেলেনস্কিকে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই ইউক্রেনের ভূখণ্ড নিয়ে “বেইমানি” করতে পারে। তার মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান অনিশ্চিত এবং তাদের সিদ্ধান্ত ইউক্রেনের ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জও জেলেনস্কিকে সতর্ক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র “আপনাদের এবং আমাদের উভয়ের সঙ্গে খেলছে”, তাই যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। তিনি ইঙ্গিত করেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জ্যারেড কুশনারের সাম্প্রতিক মস্কো সফরই এই সন্দেহ আরও বাড়িয়েছে। মার্কিন প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে আলোচনায় কী চুক্তি করছেন তা ইউরোপীয় নেতাদের কাছে অস্পষ্ট।
ফোঁস হওয়া সারাংশে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওই মার্কিন প্রতিনিধিদের হাতে ইউক্রেন ও জেলেনস্কিকে একা রেখে দেওয়া ঠিক হবে না। এমনকি ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে—যিনি সাধারণত ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত—তিনিও সতর্ক করে বলেছেন, “আমাদের জেলেনস্কিকে রক্ষা করতে হবে।”
ডার স্পিগেল জানায়, এসব বক্তব্য সম্পর্কে জানতে নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করতে চাননি। তবে ইউরোপীয় নেতৃত্বের উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফার শান্তিচুক্তি খসড়া নিয়ে। ওই প্রস্তাব অনুযায়ী, চুক্তি হলে ইউক্রেনকে পুরো ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে এবং বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকা থেকেও সেনা সরিয়ে নিতে হবে। ইউরোপীয় নেতাদের দাবি, এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় পশ্চিমা ঐকমত্যে ফাটল দেখা দিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে ডার স্পিগেল। ইউরোপীয় নেতারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ইউক্রেনের জন্য বিপজ্জনক হতে পারে এবং জেলেনস্কিকে তাই আরও সতর্কভাবে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।
বায়ান্ননিউজ২৪/চৈতী
আইটি ল্যাব সলিউশন্স লি.