‘ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত’ — পুতিন

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০৩:৪০ (মঙ্গলবার)
‘ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত’ — পুতিন

বায়ান্ননিউজ২৪ ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি যুদ্ধে যেতে চায়, তবে রাশিয়া তার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’। ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার মধ্যেই ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে শান্তি চুক্তি বানচাল করার অভিযোগ তোলেন তিনি। এ সময় তিনি মস্কোতে মার্কিন দূতদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসার অপেক্ষায় ছিলেন।

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে অবস্থান করছেন। কয়েকদিনের টানা কূটনৈতিক তৎপরতার পর তাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন পুতিন।

তিনি বলেন, “ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু ইউরোপ যদি যুদ্ধ চায় এবং তা শুরু করে, তাহলে আমরা এই মুহূর্তেই প্রস্তুত। তাদের কোনো শান্তির এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষেই রয়েছে।”

পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধের শান্তি-প্রক্রিয়াকে অগ্রসর করার যে উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছে, তা ইউরোপীয় নেতারাই বাধাগ্রস্ত করছে। তার ভাষায়, ট্রাম্পের সর্বশেষ শান্তি প্রস্তাবে ইউরোপ যে পরিবর্তন এনেছে, তার উদ্দেশ্য ছিল “পুরো প্রক্রিয়াকে আটকে দেওয়া এবং রাশিয়ার কাছে একেবারেই অগ্রহণযোগ্য দাবি দাঁড় করানো।”

ওয়াশিংটন সংঘাতের অবসানে ২৮ দফার একটি খসড়া প্রস্তাব তুলে ধরেছিল। পরে কিয়েভ ও ইউরোপের সমালোচনার পর এতে সংশোধন আনা হয়। তাদের অভিযোগ, প্রস্তাবটি রাশিয়ার কয়েকটি কঠোর দাবির প্রতি অতিমাত্রায় সহানুভূতিশীল।

এই শান্তি-উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প নিজে। তবে ইউরোপের আশঙ্কা—এ ধরনের চুক্তি কিয়েভকে চাপের মুখে রাশিয়ার ভূখণ্ডসংক্রান্ত দাবির কাছে নতি স্বীকারে বাধ্য করতে পারে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে ইউরোপ বারবার বলছে, ইউক্রেনের ওপর কোনো “অন্যায্য শান্তিচুক্তি” চাপিয়ে দেওয়া চলবে না।

মার্কিন দূতরা এখন মস্কো ও কিয়েভ—দুই পক্ষের সম্মতি নিয়ে এই পরিকল্পনা চূড়ান্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।

বায়ান্ননিউজ২৪/চৈতী

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.