তামিমের রেকর্ড ফিফটিতে সিরিজ জয়ের উৎসব বাংলাদেশের

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৩ (মঙ্গলবার)
তামিমের রেকর্ড ফিফটিতে সিরিজ জয়ের উৎসব বাংলাদেশের

বায়ান্ননিউজ২৪:

আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজকে সমতা আনে লিটন দাসের দল। চট্টগ্রামে শেষ টি টোয়েন্টিতে ব্যাটে বলের নিখুঁত সমন্বয়ে আইরিশদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। পল স্টার্লিং করেন সর্বোচ্চ ৩৮ রান। জবাবে বাংলাদেশ ১৩ ওভার চার বলে দুই উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

দিনের নায়ক তানজিদ তামিম। ফিল্ডিংয়ে একাই পাঁচটি ক্যাচ ধরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নতুন রেকর্ড গড়েন তিনি। পরে ব্যাট হাতে খেলেন ৩৬ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস। তার সঙ্গে পারভেজ ইমন অপরাজিত ছিলেন ২৬ বলে ৩৩ রানে।

শুরুর দিকে আয়ারল্যান্ড দ্রুত রান তুললেও মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আইরিশদের চাপে ফেলে দেয়। শেষে জজ ডকরেল ও গ্যারেথ ডেলানি চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি।

তামিমের রেকর্ড এবং দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত আরামদায়ক জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.