ফুটবলার নারীদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, রুল জারি হাইকোর্টের

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৪:২৩ (মঙ্গলবার)
ফুটবলার নারীদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, রুল জারি হাইকোর্টের

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর জানান, নারী ও পুরুষ ফুটবলদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলার বছরে ৫০/৬০ লাখ স্যালারি পান। অথচ নারী ফুটবলার বছরে ৬ থেকে ৭ লাখ টাকা স্যালারি পান। নারী ফুটবলারদের নিয়মিত স্যালারি দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। কোনো খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি।

এসব বৈষম্য চ্যালেঞ্জ করে গত সপ্তাহে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

বায়ান্ননিউজ২৪/আইরিন

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.