শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৫:০৪ (মঙ্গলবার)
শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে, যা আজ শুক্রবার (২১ নভেম্বর) জানা যায়।

আদেশে উল্লেখ করা হয়েছে, প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেড, ৩৫,৫০০-৬৭,০১০ টাকা) সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ বা দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো।


পদোন্নতিপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্বের পদের দায়িত্ব পালন করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। সহকারী অধ্যাপকরা ঢাকা কার্যালয়ের পরিবর্তে নিজ নিজ কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা পাবেন।


উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতির জট আছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। বছরের পর বছর পদোন্নতি না হওয়ায় প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি আন্দোলনে নেমেছিলেন। অবশেষে তাদের পদোন্নতি হলো।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.