বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৫’ এর পর্দা উঠলো

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ০১:৫৭ (শুক্রবার)
বিশ্বের  বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৫’ এর পর্দা উঠলো

বিশ্বের প্রযুক্তি জগতের সবচেয়ে বড় আয়োজন ‘ওয়েব সামিট ২০২৫’ শুরু হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। ১০ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ, বিনিয়োগকারী, উদ্ভাবক ও নীতিনির্ধারকসহ প্রায় ৭০ হাজারেরও বেশি প্রতিনিধি।

এ বছরের ওয়েব সামিটের মূল প্রতিপাদ্য — ‘Rebuilding Trust in Tech’- যার লক্ষ্য প্রযুক্তি খাতে বিশ্বাস, নিরাপত্তা ও মানবকেন্দ্রিক উদ্ভাবনকে এগিয়ে নেওয়া।

মেলার মূল মঞ্চে বক্তব্য রাখছেন গুগল, মেটা, ওপেনএআই, মাইক্রোসফট, অ্যামাজনসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা ও জলবায়ু প্রযুক্তি নিয়ে থাকবে ২০টিরও বেশি প্যানেল আলোচনা ও প্রদর্শনী। 

স্টার্টআপদের জন্য রয়েছে ‘স্টার্টআপ শোকেস’। যেখানে নতুন উদ্যোক্তারা তাদের উদ্ভাবন প্রদর্শন করছেন বিনিয়োগকারীদের সামনে।

ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেভ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রযুক্তি কেবল ব্যবসার হাতিয়ার নয়, এটি আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণের শক্তি।

২০১৬ সাল থেকে লিসবনে আয়োজিত এই সামিট এখন বিশ্বের অন্যতম আলোচিত প্রযুক্তি সম্মেলনে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী প্রযুক্তি অনুরাগীদের চোখ এখন লিসবনের ওয়েব সামিট মঞ্চে, যেখানে নতুন ধারণা, উদ্ভাবন ও ভবিষ্যতের প্রযুক্তি গড়ে উঠছে প্রতিদিন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.