লায়লা হাসান আহ্বায়ক, গান গাইবেন বন্যা ও কমলিনী

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩ ০২:৫৯ (সোমবার)
লায়লা হাসান আহ্বায়ক, গান গাইবেন বন্যা ও কমলিনী

জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শতকণ্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়া। ছবি : প্রথম আলোনিউইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখীমেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসানকে। উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক জনের সামনে তাঁর নাম ঘোষণা করা হয়। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই আয়োজনে গান গাইতে বাংলাদেশ থেকে আসবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতা থেকে আসবেন কমলিনী মুখোপাধ্যায়। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ১৯ মার্চ শতকণ্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়ায় এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন লেখক ডাক্তার হুমায়ুন কবির ও সংগীত পরিচালক মহিতোষ তালকদার তাপস। হিমাঙ্কের নিচে এ আবহাওয়ার শতাধিক শিল্পী অংশগ্রহণ করে দশটি গান মহড়া দিয়েছেন।

আহবায়ক ও বর্ষবরণ উৎসবের প্রধান শিল্পীর নাম ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, আমি তন্ময় হয়ে চার ঘন্টার মহড়া উপভোগ করেছি। আমি মুগ্ধ ও অভিভূত। আমাদের শত বিভাজনের মধ্যে এক হওয়ার মূল মন্ত্র বাঙালিয়ানা। সংস্কৃতি আমাদের একত্রিত করে। বিশাল ও মহৎ এই আয়োজনটি সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

লেখক ডাক্তার হুমায়ুন কবির বলেন, আমাদের প্রথম ও শেষ কথা আমরা বাঙালি। বিশ্বব্যাপী আমাদের এই বাঙালিয়ানা প্রকাশ করার সুযোগ পাওয়া যায় এমন বৃহৎ আয়োজনে। নানান প্রভাবে আমরা মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছি সংস্কৃতি আমাদের মানবিক করে তোলে। এই আয়োজন শতকণ্ঠে হলেও এখানে যুক্ত হয়ে যাবে কোটি কণ্ঠ , এই প্রত্যাশা করি।

লায়লা হাসান বলেন, উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালেব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক জন মিলে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি অশেষ সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসেবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে চাই।‌ উত্তর আমেরিকার সকল অভিবাসীদের আমন্ত্রণ জানাই আগামী ১৪ ও ১৫ এপ্রিলের এ উৎসবে অংশ নেয়ার জন্য।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.