ড. সাফি ভূইয়া : কানাডায় এক সমাদৃত বাংলাদেশি
কানাডার স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ, আলোচিত এবং সমাদৃত নাম ড. সাফি ভূইয়া। দক্ষতা, মেধা ও যোগ্যতায় তিনি কানাডার স্বাস্থ্য খাতে অনন্য অবদান রেখে চলেছেন। বর্তমানে শিক্ষকতা করছেন ইউনিভার্সিটি অব টরোন্টোর ক্লিনিক্যাল পাবলিক হেলথের সহকারী অধ্যাপক হিসেবে। এছাড়া কমিউনিটি সার্ভিসেস এট টরোন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ভিজিটিং অধ্যাপক তিনি। ড. ভূইয়া বৈশ্বিক পাবলিক হেলথের লিডার হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রয়েছে দীর্ঘ দুই যুগেরও বেশি উন্নত ও উন্নয়নশীল দেশের স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার অভিজ্ঞতা।
তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। আন্তর্জাতিক মেডিকেল গ্রাজুয়েটদের পড়াশোনা চালিয়ে যেতে কানাডায় বেশ বেগ পোহাতে হয়। নিজের অভিজ্ঞতা থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত চিকিৎসকদের জন্য তিনি পাবলিক হেলথের ওপর বিভিন্ন পাইলট প্রোগ্রাম চালু করার সাথে জড়িত। পাইলট প্রোগ্রামের ফলে এসব শিক্ষার্থী তাদের পূর্ব অভিজ্ঞতা থাকায় কম সময়ে পাস করে বের হতে পারে। এ কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য তিনি বেশ প্রশংসিত হয়েছেন।
কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্টারিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞানী ও সিনিয়র হেলথ রিসার্চ ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশেও তাঁর কাজের পরিধি ব্যাপক। মাতৃ, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য তিনি বিভিন্ন প্রোগ্রামের প্রধান হিসেবে কাজ করেছেন। এসব কাজের স্বীকৃতিও মিলেছে। ইউএনএফপিএ ফেলোশিপে আরবান হেলথ স্টাডিজের ওপর মাহিদল ইউনিভার্সিটি, থাইল্যান্ড থেকে পাবলিক হেলথ ডিগ্রী সম্পন্ন করেছেন। পাবলিক হেলথের ওপর মাস্টার্স করা ছাড়াও ওসাকা ইউনিভার্সিটি, জাপান থেকে তিনি পিএইচডি ডিগ্রি ও টরোন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্টের ওপর এমবিএ ডিগ্রী অর্জন করেছেন।
ড. ভূইয়া কানাডিয়ান কোয়ালিশন ফর গ্লোবাল হেলথ রিসার্চের সদ্য প্রাক্তন বোর্ডের চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর। তাছাড়া এসোসিয়েশন ফর গ্লোবাল হেলথ, পাবলিক হেলথ এসোসিয়েশন, কানাডিয়ান পার্টনারশিপ ফর ওয়েমেন এন্ড চাইল্ড’স হেলথ এবং ইন্টারন্যাশনাল কমিটি অন এমসিএইচ হ্যান্ডবুক, ওসাকা ইউনিভার্সিটি, জাপানের প্রারম্ভকালীন পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত।
২০২০ সালে ড. ভূইয়া লায়ন্স ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডে ভূষিত হোন। জনকল্যাণের সাথে জড়িত থাকার জন্য তিনি মেলভিন জোনস ফেলো ও হেলেন কেলার ফেলো হিসেবে নিয়োজিত আছেন।
ড. সাফি ভূইয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের ভূইয়া বাড়িতে জন্ম গ্রহণ করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর গুলিতে তিনি একজন যুদ্ধাহত শিশু ছিলেন। কথা বলে জানা যায়, এটাই তাঁর মানবকল্যাণে কাজের বড় প্রেরণা।
কর্মস্থলের পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজের সাথে জড়িত থাকায় ড. ভূইয়ার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। তিনি কানাডিয়ান স্বাস্থ্য খাতে ইমিগ্রান্ট হেলথ প্রফেশনালদের আত্তীকরণে একজন নিবেদিত অ্যাডভোকেট ও মেনটর হিসেবে সমাদৃত। কানাডার স্বাস্থ্য খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতে আরও যুগান্তকারী পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.