বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৫৭ (সোমবার)
বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কানাডার-আন্তর্জাতিক-মাতৃভাষা-দিবস-পালনবাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা ২২ ফেব্রুয়ারি রাত ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "৫২'র পথ পেরিয়ে" শীর্ষক অনলাইনে এক আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট টরন্টোর কন্সাল জেনারেল মো. লুৎফর রহমান। এছাড়া ইমার্জেন্সি বিষয়ক মন্ত্রী ও স্কারবরো সাউথওয়েস্ট এলাকার এমপি বিল ব্লেয়ার একটি ভিডিও বার্তা পাঠান, যা অনুষ্ঠানে প্রদর্শিত হয় এবং তিনি একটি সনদপত্র প্রদান করেন। সেটি পাঠ করেন কবি জালাল কবির। টরন্টোর স্কারবরো সাউথ ওয়েস্ট এলাকার এমপিপি ডলি বেগম প্রাদেশিক সংসদের অধিবেশনে ব্যস্ত থাকায় এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও একটি সনদপত্র প্রদান করেন। সেটি তার অফিস থেকে পাঠ করেন ফায়জুল করিম। ল্যান্ড একনলেজম্যান্ট পাঠ করে আমাদের নতুন প্রজন্মের সার্বভৌম রায় মজুমদার। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার কোষাধ্যক্ষ নয় হাফিজ।

আড়াই ঘণ্টার এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন টরন্টো থেকে কবি ঋতুশ্রী ঘোষ, কিংস্টন সিটি থেকে লেখক মানসী সাহা ও সাস্কাচুয়ান থেকে লেখক ভিকারুন নিসা কলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার কার্যনির্বাহী পরিষদের সভাপতি কবি মৌ মধুবন্তী ও ধন্যবাদ জ্ঞাপন করেন রাইটার্স ক্লাব কানাডার সচিব লেখক আলী আজগর খোকন।

প্রধান অতিথি কবি মুহম্মদ নূরুল হুদা প্রমিত বাংলা ভাষা নিয়ে বিশদ আলোচনা করেন। বিদেশী ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে তা নিয়েও তিনি কথা বলেন এবং ইউনেস্কো বাংলা ভাষাকে বিশ্বের সবচাইতে শ্রুতিমধুর ভাষা হিসেবে স্বীকৃতির কথাও স্মরণ করিয়ে দেন।

কন্সাল জেনারেল মো. লুৎফর রহমান বলেন, ইতিমধ্যে কানাডার একজন ফেডারেল পার্লামেন্ট সদস্য কানাডার জাতীয় সংসদে বলেন যেহেতু ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। তাই এ দিনটি কানাডার জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়ার প্রস্তাব করেন।  এ বিষয়ে অটোয়ার বাংলাদেশ দূতাবাস কাজ করছে। তিনি কানাডায় বসবাসরত সকল বাংলাদেশী শিল্পী, লেখক, গুণীজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে বাংলাদেশ দূতাবাসের সাথে এ বিষয়ে একযোগে কাজ করার আহবান জানান। 

বক্তব্য রাখেন কানাডিয়ান কবি এনা নিয়েমিনেন। তিনি মাতৃভাষার ওপর আলোচনা করতে গিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইমিগ্র্যান্ট হয়ে কানাডায় বসবাস করেন এবং যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের প্রথম পুরুষ অনেকেই জীবন-যাপনের জন্য চাকরি পেতে অসুবিধার সম্মুখীন হন। পরবর্তীতে দ্বিতীয় পুরুষের কোন ঝামেলা পোহাতে হয় না এবং তৃতীয় পুরুষ সম্পূর্ণ রূপে মূলধারায় মিশে যায়। 

বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার উপদেষ্টা গবেষক ও লেখক হাসান মাহমুদ বাংলা ভাষায় একটি শব্দের বিভিন্ন অর্থ ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ রাইটার্স ক্লাবের কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন কবি  আলী আজগর খোকন ও কবি আবদুল হাই সুমন। বাংলাদেশ থেকে আহমেদ হোসেন, রুহু রোহেল ও শাহানা জেসমিন। আবৃত্তি করেন কানাডা  থেকে ললিতকণ্ঠের আবৃত্তি শিল্পী  জহির হাসান চৌধুরী সবুজ, নাসিমা বাহার, তৌফিকুর রহমান রাঙ্গা এবং আমেরিকা থেকে ফারুক আজম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোয়াজ্জেম খান মনসুর, কোষাধ্যক্ষ নয়ন হাফিজ ও নির্বাহী সদস্য সাবিনা শারমিন ছন্দা। অনুষ্ঠানের পোস্টারটি শত ব্যস্ততার মধ্যেও ডিজাইন করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার কালচারাল সদস্য জামিল বিন খলিল। আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে  বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার সকল উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যদের সাগ্রহ উপস্থিতি একান্ত কাম্য।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.